সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:৩৩ এএম
গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দল বা সরকারের তোষামোদ নয়, বরং জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ জুন এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমে একটি নীতিকাঠামো প্রণয়ন করা গেলে গণমাধ্যম খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সাংবাদিকরা তাদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে নীতিগত সহায়তা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
