শিবগঞ্জে নতুন ইউনিয়নের নাম নিয়ে বিতর্ক, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’, প্রশাসনের দাবি সুপারিশ অনুযায়ী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভেঙে নবগঠিত মোকামতলা উপজেলা এবং চারটি নতুন ইউনিয়নের নামকরণ ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নতুন ইউনিয়নগুলোর মধ্যে ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এগুলোর নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছে। তবে প্রশাসন বলছে, গণশুনানি ও স্থানীয় সুপারিশের ভিত্তিতেই এসব নাম নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, উপজেলা প্রশাসনের পাঠানো প্রস্তাব ও গণশুনানির ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা ছিল না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, একটি কমিটির সুপারিশ অনুযায়ী নামগুলো পাঠানো হয়েছিল।
এদিকে বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে, যা ইউনিয়ন পরিষদ আইনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে দাবি করেন, ইউনিয়নের নামগুলো তাঁর সন্তানদের নামে নয়; প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নামকরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘সীমান্ত’ নামটি দেওয়া হয়েছে কারণ ইউনিয়নটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং ‘দিগন্ত’ নামটি দূরবর্তী অবস্থানের কারণে রাখা হয়েছে। তাঁর ভাষায়, “অলৌকিকভাবে আমার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিলে গেছে।”
সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁর সন্তানদের পুরো নাম ‘মীর সীমান্ত’ ও ‘মীর দিগন্ত’। যদি ব্যক্তিগত প্রভাব খাটানোর ইচ্ছা থাকত, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো। তিনি দেশের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের প্রচলনের উদাহরণও তুলে ধরেন।
উল্লেখ্য, নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি নতুন ইউনিয়ন এবং শিবগঞ্জে ‘মীরবাড়ি’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এসব নামকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
বিষয়:
