সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে, প্রশ্ন রুমিন ফারহানার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ এএম
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তিনি মনে করেন, দীর্ঘদিন ধরে ঘাটতি বাজেটের যে ধারা চলছে, তা পূরণে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা বাড়ছে এবং এর চাপ অর্থনীতির ওপর পড়ছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ।
রুমিন ফারহানা বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের আকার প্রায় ৬৮ লাখ কোটি টাকা হলেও প্রবৃদ্ধির হার নেমে এসেছে ৩ দশমিক ৪৯ শতাংশে। একই সময়ে মূল্যস্ফীতি রয়েছে ৯ দশমিক ৫ শতাংশে। তিনি দাবি করেন, খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে, যার পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে এবং বাণিজ্য ঘাটতিও বেড়েছে। এসব সূচক দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।
রুমিন ফারহানার ভাষ্য, গত ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। একই সময়ে ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বেড়েছে এবং প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা না থাকা ব্যক্তিদেরও ঋণ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা দুর্বল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সুদের হার ও ডলারের বিনিময় মূল্যও বিভিন্ন সময়ে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এর প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার ওপর পড়েছে। পাশাপাশি শেয়ারবাজার ও কর ব্যবস্থাপনার কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ব্যাংক খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো বেসরকারি খাতে নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত ঋণ দিতে সক্ষম কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আন্তর্জাতিক ঋণ সহায়তার প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, ভবিষ্যতে বিদেশি ঋণের জন্য নতুন করে সমঝোতার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে প্রচলিত আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর বাইরে অন্য উৎস থেকে ঋণ নিতে হলে বেশি সুদ ও দ্রুত পরিশোধের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সবশেষে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চাপ, ব্যাংক খাতের সংকট এবং ঋণনির্ভর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সরকার কীভাবে প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়ন করবে।
এনএফ৭১/একে
বিষয়:
