দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:০০ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণ ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। এ সময় জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় কূটনীতিককে তলব করে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

জানা গেছে, ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর সহযোগিতা বিষয়ক জোটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার দিল্লি যান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয়। পরে ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, উপদেষ্টার সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:



Top