যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৩:১৮ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পন্ন হওয়া শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাত নিরসনের পক্ষে অবস্থান নিয়েছে। এ ইতিবাচক অগ্রগতিতে ভূমিকা রাখা সংশ্লিষ্ট পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই ফল বয়ে আনবে।

এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, চলমান ইতিবাচক পরিবেশ বজায় রেখে আলোচনার মাধ্যমে বাকি অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা উচিত।

পাশাপাশি অঞ্চলজুড়ে দ্রুত শান্তি ফিরিয়ে আনা, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

এনএফ৭১/একে



বিষয়:



Top