১০ নতুন জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:৫১ এএম

সংগৃহীত

দেশের আরও ১০টি জেলাকে রেল যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর ফলে ধাপে ধাপে দেশের সব ৬৪ জেলায় রেল সংযোগ সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য হলো বাকি জেলাগুলোকেও ধাপে ধাপে রেল নেটওয়ার্কে যুক্ত করা।

নতুন পরিকল্পনার আওতায় যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং নতুন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আখাউড়া–সিলেট এবং সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প।

এছাড়া ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, টঙ্গী–আখাউড়া এবং লাকসাম–সিলেট অংশে বিদ্যমান ‘মিসিং লিংক’ দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা–কুমিল্লা কর্ড লাইনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, দেশের সব জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনার মাধ্যমে একটি আধুনিক ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top