ধর্ষণের কোনো ছোট-বড় বিভাজন নেই, সবই সমান অপরাধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:৫২ এএম
জাতীয় সংসদে ধর্ষণের বিচার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ধর্ষণের কোনো ছোট-বড় বিভাজন নেই। সব ধরনের ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমানভাবে বিচার নিশ্চিত করা হবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
একটি আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদে আলোচনা চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ১৯ ঘণ্টা পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। এরপরও কিছু বক্তব্য ও বিতর্কে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কেউ কেউ আসলে অপরাধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন নাকি অপরাধকে আড়াল করার চেষ্টা করছেন, তা স্পষ্ট নয়।
তিনি বলেন, আইনের দৃষ্টিতে যেমন দুর্নীতির কোনো ছোট বা বড় শ্রেণি নেই, তেমনি ধর্ষণের ক্ষেত্রেও কোনো ভিন্নতা নেই। ধর্ষণ মানেই অপরাধ এবং প্রতিটি ঘটনায় আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা হবে।
অধিবেশনে দুর্নীতি দমন কমিশন সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, একটি শক্তিশালী কমিশন গঠনের লক্ষ্যেই পূর্ববর্তী অধ্যাদেশ গ্রহণ করা হয়নি। তবে আগের আইন কার্যকর হওয়ায় অনুসন্ধান কমিটির মাধ্যমে দ্রুত কমিশনের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংসদে নতুন আইন উত্থাপন করে আরও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
একই সঙ্গে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপিত শ্বেতপত্র অনুযায়ী ব্যাংক খাতের অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় বিতরণ করা ঋণের অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
