‘বস্তুনিষ্ঠতা ছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশন সম্ভব নয়’: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:২৮ এএম

সংগৃহীত

গণমাধ্যম বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত না হলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। তাই এই খাতকে আরও নির্ভুল, দায়িত্বশীল এবং জনস্বার্থমুখী হতে হবে।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সেই ১৬ জুন, যেদিন গণমাধ্যমের জন্য একটি কালো অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই দিনটিকেই ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার প্রতীকী দিন হিসেবে প্রতিষ্ঠা করা উচিত।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে সময়ের পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সভ্যতার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থ, গণতন্ত্র এবং মানবকল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন জানান, স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকারের তৎপরতা আরও জোরদার হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তা মতামত তুলে ধরেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top