সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:২৭ এএম

সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং গণপরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উঠে আসে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। প্রতিদিন হাজারো দূরপাল্লার ও আন্তঃজেলা বাস এসব টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়।

এ প্রেক্ষাপটে নগরীর অভ্যন্তর থেকে টার্মিনালগুলো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে অথবা শহরের প্রান্তিক এলাকায় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top