৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক পেতে যাচ্ছেন তাদের শিক্ষক জীবনের শেষ অবলম্বন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০১:২৮ এএম

সংগৃহীত

দেশে অবসরপ্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষক এখনও তাদের প্রাপ্য অবসর সুবিধা না পাওয়ায় শিক্ষা খাতে দীর্ঘদিনের একটি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে প্রায় ৬৫ হাজার শিক্ষক অবসর সুবিধার অপেক্ষায় রয়েছেন। এ সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ শুরু হবে।

শিক্ষামন্ত্রী জানান, সরকার এ খাতে থোক বরাদ্দ পেয়েছে। সেই অর্থ দিয়ে প্রথম ধাপে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া সুবিধা পরিশোধের কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যাতে শিক্ষকরা অবসরের পর দীর্ঘদিন অপেক্ষা না করে তাদের প্রাপ্য অর্থ হাতে পান। আগামী জুলাই থেকে ন্যূনতম থেকে এক লাখ টাকা পর্যন্ত প্রদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার একটি প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে।

তিনি বলেন, “মামলাজনিত জটিলতার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছি না। তবে এসব সমস্যার সমাধানে মন্ত্রণালয় কাজ শুরু করেছে।”

প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদের বিষয়টিও সরকারের নজরে রয়েছে বলে জানান তিনি। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট নিরসনে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top