জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০১:২৪ এএম
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, দিল্লিতে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অপ্রত্যাশিত এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
জানা গেছে, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের সম্মেলনে অংশ নিতে দিল্লি যাওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি আগেই কূটনৈতিকভাবে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।
তবে রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।
এ পরিস্থিতিকে আত্মমর্যাদার পরিপন্থী মনে করে নিজের পাসপোর্ট ফেরত চান ডা. জাহেদ উর রহমান এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
তার সফরের বিষয়ে আগাম কূটনৈতিক পত্র পাঠিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপরও এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ উর রহমান।
এনএফ৭১/একে
বিষয়:
