বাংলাদেশের উচ্চমাধ্যমিক মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: সংসদে ববি হাজ্জাজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:০৬ এএম
গত দুই দশকের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার সমমান হিসেবে তুলনা করা হয়, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
রোববার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ববি হাজ্জাজ বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষা খাতে দীর্ঘদিন নৈরাজ্য ও অব্যবস্থাপনা চলেছে। এর প্রভাব এখন উচ্চশিক্ষা পর্যায়েও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণে পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পাঠ্যক্রমের অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, একটি মহল সাংস্কৃতিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে শিশুদের সার্বিক বিকাশে গুরুত্ব দিতে হবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি আশাব্যঞ্জক বাজেট। এতে সৃজনশীল অর্থনীতি বিকাশ এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষা খাতের উন্নয়নে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা সংস্কারের এই উদ্যোগকে সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:
