প্রাথমিক শিক্ষকদের বদলি এখন থেকে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:১৭ এএম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষক বদলি ঘিরে অতীতে একটি দুর্নীতির চক্র তৈরি হয়েছিল। তা বন্ধ করতে সরকার নতুন নীতি গ্রহণ করেছে। নতুন ব্যবস্থায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, যারা বদলির আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারাও থাকবেন। এই কমিটি প্রতি মাসে একবার সভা করে আবেদনগুলো যাচাই-বাছাই করবে এবং অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একইভাবে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের অধীনে এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পৃথক কমিটি কাজ করবে। এসব কমিটির লক্ষ্য হলো স্বচ্ছভাবে শিক্ষক বদলি নিশ্চিত করা এবং দুর্নীতির সুযোগ বন্ধ করা।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ইউনিসেফের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top