শিক্ষার মানোন্নয়নে বাজেটের সঠিক ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:০০ এএম

ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। মোট দেশজ উৎপাদনের প্রায় ২ শতাংশের সমপরিমাণ এ বরাদ্দকে স্বাগত জানালেও এর সঠিক তদারকি, স্বচ্ছ ব্যবহার এবং উপযুক্ত খাতে ব্যয়ের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষা খাতে বরাদ্দ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। চলতি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা।

বাজেটে ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও বিদ্যালয়ের পোশাক দেওয়ার উদ্যোগও রয়েছে। এছাড়া শিক্ষকদের প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে।

তবে শিক্ষাবিশ্লেষকরা বলছেন, কেবল বরাদ্দ বৃদ্ধি করলেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সুস্পষ্ট শিক্ষাদর্শন, যুগোপযোগী শিক্ষানীতি, বাস্তবসম্মত পরিকল্পনা, মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া।

তাদের মতে, আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ এখনও ন্যূনতম পর্যায়ে রয়েছে। তাই যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তা যেন অপচয় না হয়ে শিক্ষার গুণগত উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কার্যকরভাবে ব্যয় করা হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top