‘কোটি কোটি টাকার প্রলোভনেও নতি স্বীকার করিনি, আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করেছি’- স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:০৫ এএম

সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এর লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও তিনি কোনো প্রলোভনে পা দেননি।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো লোভে পড়িনি। প্রধানমন্ত্রীও আমাকে বলেছেন, আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে। তাই আমি তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না। বিগত সময়ে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

এছাড়া পরীক্ষামূলকভাবে একটি নতুন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন এবং প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেবেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন এবং বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নেন।



বিষয়:



Top