নতুন করে প্রাণ গেল আরও ৫ শিশুর

হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬৪৮

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০১:৪৯ এএম

সংগৃহীত

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবার (১৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন এবং হামের উপসর্গে মারা গেছে ৫৫৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৪৮ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ৮৫২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



বিষয়:



Top