বিএনপির রাজনীতি মানুষের জন্য, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা: তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১২:৫২ এএম

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং শিগগিরই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সুবিধা কৃষক কার্ডের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এবং কৃষিনির্ভর জীবনযাপন করে। তাই কৃষি ও কৃষকের উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।

খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কে তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। এবার পুনঃখননের ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সরকার ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করায় এবারের বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হলেও তা নিয়েও সমালোচনা করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হবে না।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বিষয়:



Top