বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:০৭ পিএম
কক্সবাজারে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদ ওয়াসীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নেবেন।
এছাড়া পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেন। কক্সবাজারের পিএমখালী এলাকার পাতলী খাল সেই ঐতিহাসিক কর্মসূচির অন্যতম স্মারক। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়েছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:
