কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি কক্সবাজারে পৌঁছান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় যান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখালের পুনঃখনন কাজের উদ্বোধন এবং পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি পার্কের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন।

সফরের অংশ হিসেবে পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এছাড়া নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top