কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
একদিনের সফরে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে এটি তার প্রথম সফর।
সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। পরে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।
কক্সবাজার পৌঁছে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় একটি সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন। সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।
সফরের অংশ হিসেবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
সরকারপ্রধানের এ সফরকে ঘিরে জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ সফরের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের প্রধান দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ। এছাড়া পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার এবং শুঁটকি শিল্পের সুরক্ষায়ও সরকারের বিশেষ উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।
এ ছাড়া কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু নির্মাণ, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এবং স্থানীয় নেতারা।
এনএফ৭১/একে
বিষয়:
