ওয়েবে সার্চ করুনকরমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০২:২৫ এএম
ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন বাজেটে এ খাতের সব ধরনের আয় করমুক্ত রাখার পাশাপাশি সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে অনলাইনভিত্তিক কর্মসংস্থান ও সৃজনশীল পেশাজীবীদের জন্য একাধিক প্রণোদনার ঘোষণা দেওয়া হয়।
এর আগে তথ্যপ্রযুক্তিনির্ভর মুক্ত পেশাজীবীদের জন্য সীমিত কর-সুবিধা থাকলেও এবার তা সম্প্রসারণ করে সব ধরনের মুক্ত পেশার আয় করমুক্ত করার প্রস্তাব আনা হয়েছে। সরকারের ধারণা, এর ফলে বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকে অর্জিত আয় দেশে আনতে আরও উৎসাহিত হবেন পেশাজীবীরা।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সৃজনশীল কাজ করে আয় করা কনটেন্ট নির্মাতাদের আয়ও করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। সরকার এই খাতকে দেশের ডিজিটাল অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।
বর্তমানে ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রযোজ্য থাকলেও নতুন বাজেটে তা সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এছাড়া নতুন উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্যও ২০৩৫ সাল পর্যন্ত স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর ও স্থাপনা ভাড়ার ওপর মূল্য সংযোজন কর মওকুফের পরিকল্পনা রয়েছে।
সরকারের লক্ষ্য হলো একটি শক্তিশালী সৃজনশীল অর্থনীতি গড়ে তোলা। এ উদ্দেশ্যে প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে লেনদেনভিত্তিক কর শূন্য শতাংশ নির্ধারণের প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
