খলিলুর রহমানের সাফল্যে আলজেরিয়ার শুভেচ্ছা বার্তা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:০৭ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্র, প্রবাসী জাতীয় সম্প্রদায় ও আফ্রিকাবিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আতাফ।
বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া এক অভিনন্দন বার্তায় আহমেদ আতাফ বলেন, খলিলুর রহমানের এই নির্বাচন তার অনুকরণীয় নেতৃত্ব, দক্ষ কূটনৈতিক প্রজ্ঞা এবং আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপাক্ষিকতাকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রতিফলন।
তিনি খলিলুর রহমানের দূরদর্শিতা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দায়িত্ব পালনের পুরো সময়ে আলজেরিয়ার সার্বিক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
আহমেদ আতাফ আরও বলেন, জাতিসংঘ সনদের মূলনীতি ও উদ্দেশ্য সমুন্নত রাখা এবং সব দেশের কল্যাণে কার্যকর বহুপাক্ষিকতা এগিয়ে নিতে আলজেরিয়া তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
বার্তায় আলজেরিয়া এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি যথার্থ ও প্রাপ্য সাফল্য হিসেবে উল্লেখ করে। পাশাপাশি অভিন্ন আন্তর্জাতিক লক্ষ্য বাস্তবায়ন এবং আরও শক্তিশালী বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
