২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:৫২ এএম

সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি এ স্বাক্ষর সম্পন্ন করেন।

এর মাধ্যমে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের সাংবিধানিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

এর আগে বাজেট উপস্থাপনের প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করা হয়। পরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেটে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা ধরা হয়েছে। পাশাপাশি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধি জোরদার করাই এই বাজেটের মূল উদ্দেশ্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top