খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:৫১ এএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। এতে নতুন নির্ধারিত ভাতা দাঁড়াবে—বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার টাকা, বীর উত্তমদের জন্য ৩০ হাজার টাকা, বীর বিক্রমদের জন্য ২৫ হাজার টাকা এবং বীর প্রতীকদের জন্য ২৫ হাজার টাকা।
অন্যদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের জন্য ঘোষিত ভাতাও বহাল রাখার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, শহীদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে ভাতা অব্যাহত থাকবে।
সরকার বলছে, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই ভাতা কাঠামো বজায় রাখা ও আংশিকভাবে বৃদ্ধি করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
