জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৩:০১ এএম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়িয়ে বিশেষ করসুবিধার ঘোষণাও এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে। একই হারে ভাতা পাবেন সবচেয়ে গুরুতর আহত ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারাও। এছাড়া ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
সরকার বলছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
