নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:২৯ এএম

সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি জনগণের জন্য একটি বড় স্বস্তির পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

প্রস্তাব অনুযায়ী মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ক্ষেত্রে উৎসে করের হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে। এর মধ্যে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজসহ বিভিন্ন পণ্যের ওপর করহার ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছিল, তা কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই কর ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সরকারের আশা, এই পদক্ষেপ কার্যকর হলে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top