বৈদ্যুতিক গাড়ি আমদানিতে করভার কমছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:৪৯ এএম

সংগৃহীত

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে আসন্ন বাজেটে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি) এবং চার্জিং অবকাঠামো আমদানিতে ব্যাপক শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। অন্যদিকে জীবাশ্ম জ্বালানিনির্ভর কিছু গাড়ির ক্ষেত্রে করহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানো এবং চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য।

বর্তমানে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে মোট করভার প্রায় ৯৩ শতাংশ। নতুন প্রস্তাবে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইভির ক্ষেত্রে করভার কমিয়ে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত গাড়ির ক্ষেত্রে তা ৮০ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ছাড়া বাকি শুল্ক-কর অব্যাহতির সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা রয়েছে।

প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি) আমদানিতেও কর সুবিধা বাড়ানোর প্রস্তাব এসেছে। ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত নতুন পিএইচইভি গাড়ির ক্ষেত্রে নিয়ন্ত্রক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এসব গাড়ির মোট করভার ৯৩ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭৩ দশমিক ৪৩৭ শতাংশে নামবে। একইভাবে ২ হাজার সিসি পর্যন্ত পিএইচইভি গাড়ির মোট করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ৯৬ দশমিক ১০ শতাংশে নেমে আসবে।

চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে সব ধরনের শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে এসব পণ্যের ওপর প্রায় ৩৯ দশমিক ৭৫ শতাংশ করভার থাকলেও নতুন প্রস্তাব কার্যকর হলে তা শূন্যে নেমে আসবে। এতে দেশব্যাপী বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো দ্রুত সম্প্রসারণের আশা করা হচ্ছে।

অন্যদিকে, ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (আইসিই) চালিত গাড়ির ওপর করভার বাড়ানোর প্রস্তাব এসেছে। পরিবেশ দূষণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

বর্তমানে এসব গাড়ির মোট করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ, যা বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে অন্যান্য শ্রেণির গাড়ির ক্ষেত্রে বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top