সংসদে প্রথম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:২৪ এএম

সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৩টার পর সংসদে বাজেট বক্তব্য শুরু করেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় অর্থনীতিতে যে সংকট ও ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সংস্কারও জরুরি। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সুশাসন, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমান গুরুত্ব দিতে হবে।

এটি বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট, যা নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা বাজেট প্রস্তাব অনুমোদন করেছে এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জাতীয় সংসদে তা উপস্থাপন করা হচ্ছে।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের শাসনব্যবস্থায় যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এবারের বাজেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণকে কেন্দ্র করে বাজেট প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাজেট ও সরকারি ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মাধ্যমে অনুমোদিত হয়েছিল। সে সময় বাজেট বক্তৃতা সংসদের বাইরে সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট জাতীয় সংসদে উপস্থাপিত হচ্ছে।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও ডিজিটাল অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top