পাঁচ জেলায় পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালু করা হবে।
বুধবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-পাঁচ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের মাধ্যমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় সেবা কার্যক্রম শুরু করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল ব্যবস্থা এবং ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।
তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ১৮০ দিনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষক কার্ড কার্যক্রম চালু রয়েছে এবং কৃষি খাতে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এই সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।
এছাড়া খাল খনন, বৃক্ষরোপণ, স্কুল ড্রেস বিতরণ, শিক্ষা সহায়তা, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং ক্রীড়া প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা সংসদে তুলে ধরেন তিনি।
সংসদে বিকেল তিনটায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথম অংশে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং তিনি একাধিক প্রশ্নের জবাব দেন।
এনএফ৭১/একে
বিষয়:
