বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশ এগিয়ে যাবে: জুবাইদা রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২১ এএম
দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানচর্চা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে দেশের মানুষের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
বুধবার (১০ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, সুস্থ প্রতিযোগিতা সমাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি মনে করেন, পরিবেশ সংরক্ষণ এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করতে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু আনুষ্ঠানিক বা গতানুগতিক কর্মসূচি হিসেবে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণকে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি ‘সবুজ বিপ্লবে’ রূপ দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
