ছয় নবজাতকের মৃত্যুতে
আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১২:২৬ এএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট নয় সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শোকজের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে একাধিক তথ্য অস্পষ্ট রয়েছে। ফলে সরকার ওই জবাবে সন্তুষ্ট নয়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনায় ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না এবং সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ছিল।
এছাড়া তদন্তে উল্লেখ করা হয়, ঘটনার সময় ওয়ার্ডে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকদের অবস্থার অবনতি হলেও সময়মতো জরুরি চিকিৎসা দেওয়া হয়নি।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি দেখা যায়।
এর আগে ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সেই জবাব পাওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
