ডেঙ্গু মোকাবেলায় অতিরিক্ত চিকিৎসক নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১২:২১ এএম
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলে জনগণের জীবন রক্ষায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “ডেঙ্গু রোগী বেশি হলে মানুষকে বাঁচাতে যেভাবে পারি অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর চাপ বাড়লে চিকিৎসকদের প্রয়োজনীয় সহায়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হবে। “চিকিৎসকরা যদি কোনো ঘাটতির কথা জানান, সরকার দ্রুত ব্যবস্থা নেবে,”—যোগ করেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা জরুরি।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। রোগীর অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং কোনো জটিলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিপাহি বিপ্লবের মাধ্যমে জনগণ তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনৈতিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:
