বিশ্ব শান্তিতে বাংলাদেশ স্বীকৃত নাম: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:৪১ পিএম

সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের কারণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সরকারের সার্বিক সহযোগিতায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

তিনি জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯টি মিশনে বাংলাদেশ থেকে ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমানবাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্য রয়েছেন।

নারী শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনী ও পুলিশের মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিশ্বের বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ ইতিহাস তুলে ধরে ওয়াকার-উজ-জামান বলেন, ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। তিনি বলেন, “বাংলাদেশ আজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম।”

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ, নৈতিকতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হচ্ছে।

সেনাপ্রধান জানান, জাতিসংঘের চাহিদা অনুযায়ী আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top