সশস্ত্র বাহিনী জাতীয় গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক। বিভিন্ন সময়ে এই বাহিনীকে ঘিরে বিভেদ সৃষ্টির নানা অপতৎপরতা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১০ জুন) সকালে রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণার ইতিহাসেও একজন সেনা কর্মকর্তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, “২০০৯ সালের মর্মান্তিক ঘটনার পরিণতি সবাই জানে। অতীত থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে সশস্ত্র বাহিনীসহ দেশের সকল জাতীয় প্রতিষ্ঠান স্বমহিমায় বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। “দেশ সবার, তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে,”—যোগ করেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, আত্মনির্ভরশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
