বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় কৃষি, সামুদ্রিক অর্থনীতি, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাত বিশেষ গুরুত্ব পায়। ডাচ প্রতিনিধিদল বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়নে তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগির আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি খাদ্য সংরক্ষণ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে যৌথ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন ডাচ রাষ্ট্রদূত। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদী ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে ডাচ প্রশাসন।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন দেশের বেকারত্ব কমানো এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, উদ্ভাবনী শিল্প এবং ই-কমার্স খাতের সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তরুণদের জন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি কর্মমুখী তৃতীয় ভাষা শিক্ষার সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।
বৈঠক শেষে উভয়পক্ষই ব্যবসা-বাণিজ্য, শিক্ষা বিনিময় কর্মসূচি এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
