আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ । দিবসটি উপলক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দায়িত্ব পালনকালে নিহত ও আহত শান্তিরক্ষীদের স্মরণে বিভিন্ন আয়োজন করা হবে।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণের ইতিহাস দীর্ঘদিনের। ১৯৮৯ সালে নামিবিয়ায় প্রথম মিশনের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ পুলিশ। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য বিশ্বের ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে আটজন নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও জাতিসংঘের বিভিন্ন দায়িত্বে কর্মরত রয়েছেন। ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরাও নিয়মিতভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছেন।
শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন সদস্য। প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও সম্মান অর্জন করেছেন তারা।
বিশেষ করে হাইতির ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তা কার্যক্রমে এবং আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এদিকে, হাইতিতে নতুন করে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
দীর্ঘ প্রায় চার দশক ধরে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এ বছর সরকারি ছুটির কারণে বাংলাদেশে দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
