বিশ্বশান্তিরক্ষীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা ও অভিনন্দন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:২২ এএম
বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখা জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে দায়িত্ব পালন করা শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সংঘাতপূর্ণ ও মানবিক সংকটে আক্রান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে যেসব শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।
তারেক রহমান তার বার্তায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং দেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটি। পাশাপাশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে তিনি নারীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
