"ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:২৯ এএম

সংগৃহীত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্য সংসদে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’ তিনি বলেন, কোনো বিষয়কে ইসলামের সঙ্গে যুক্ত করে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বিতর্ক সৃষ্টি করা সমীচীন নয়।

ব্যাংকটির চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, বৈধ গ্রাহকদের স্বার্থ ও মালিকানা সুরক্ষিত থাকবে। তবে তিনি অভিযোগ করেন, কিছু মহল পর্দার আড়াল থেকে গ্রাহকদের নাম ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়োগ এবং অপসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। এ ব্যবস্থার পরিবর্তন চাইলে আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।

এ সময় তিনি আরও জানান, ঋণ নিয়ে পরিশোধ না করা বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করা হবে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত হওয়া প্রায় ৯ হাজার কর্মীর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন।

এর আগে আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপের মাধ্যমে ভুয়া কোম্পানি ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, নতুন করে বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকের নেতৃত্বে বসিয়ে একই ধরনের অনিয়মের সুযোগ তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই নিয়োগের বিরোধিতা করে আসছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top