খরচ ছাড়াই বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৪ এএম
কোনো ধরনের সরকারি অর্থ ব্যয় ছাড়াই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেশের দর্শকদের জন্য সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এ লক্ষ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে সরকার।
৯ জুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বর্তমানে চীন সফরে থাকা মন্ত্রী বলেন, দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য এটি একটি আনন্দের সংবাদ। বিটিভির নেতৃত্বে এবং কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মন্ত্রী জানান, বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে সরকারি তহবিল থেকে কোনো অর্থ ব্যয় না করার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের দিকেই অগ্রগতি হয়েছে।
এই সাফল্যের পেছনে বাংলাদেশ সরকারের নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের মধ্যেই সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারে যুক্ত অংশীদার প্রতিষ্ঠানগুলোর নাম, সম্প্রচার কাঠামো এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শক বিনামূল্যে বা সহজলভ্য উপায়ে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
