বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৩ এএম
বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানির সংখ্যা আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে মস্কো। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে সম্মত হয়েছে রুশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত রয়েছেন। এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১ লাখে উন্নীত করার প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হলে রাশিয়া দ্রুত বিষয়টি এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে।
জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ বাজারে বাংলাদেশি তৈরি পোশাক ও ওষুধের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া প্রযুক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্যসেবায় এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে সম্ভাব্য সহযোগিতার অংশ হিসেবে রাশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল সম্প্রতি মস্কো সফর করে। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও অংশ নেন।
সফরকালে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টদের মতে, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাশিয়া আমন্ত্রণ জানিয়েছে। এ সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
