পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫২ এএম
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এক উপপরিদর্শকের (এসআই) আকস্মিক মৃত্যু হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবন রহমান (৪৫) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাসিন্দা ছিলেন। ২০০৬ সালে তিনি বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশ পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার (প্রশাসন) চক্রধর রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সম্প্রতি পুনর্বহাল হওয়া এসআই ও সার্জেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন জীবন রহমান। সোমবার বিকেলে প্রশিক্ষণের অংশ হিসেবে এক কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তাদের জানা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চারঘাট থানার মাধ্যমে সম্পন্ন করা হবে। চারঘাট থানার ওসি আবদুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও চাকরিতে যোগ দিতে না পারা প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ সম্প্রতি পুনর্বহাল করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তাদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়। জীবন রহমানও সেই পুনর্বহালপ্রাপ্ত সদস্যদের একজন ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
