একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০২:০১ এএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে আলোচিত খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন) প্রকল্পটি অনুমোদন পায়নি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন এবং দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প।
এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্যব্যবস্থা (এমইএমআইএস) উন্নয়ন, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং জাতীয় গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে পৌরসভাগুলোর পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, শিশুবিবাহ প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেক সভায় মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হলেও যাচাই-বাছাই শেষে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন না পাওয়া দুটি প্রকল্পের মধ্যে রয়েছে বহুল আলোচিত চীনা ইকোনমিক জোন প্রকল্প এবং খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন) প্রকল্প।
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পের বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সময়ের স্বল্পতার কারণে চীনা ইকোনমিক জোন প্রকল্পটি সভায় আলোচনা হয়নি। আগামী একনেক সভায় প্রকল্পটি পুনরায় উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
বিষয়:
