গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকারমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

সংগৃহীত

রাজধানীর নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন এ প্ল্যান্টের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ও করেন মন্ত্রী।

এ সময় তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আধুনিক ও কার্যকর পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণ সম্ভব হয়।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, এই প্রকল্পের প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার এবং দ্বিতীয় ধাপেও সমপরিমাণ পানি রাজধানীতে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



বিষয়:



Top