বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:৫২ পিএম
বাংলাদেশের ওষুধশিল্প বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে এবং এই সংখ্যা আরও বাড়াতে সরকার কাজ করছে।
সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) পক্ষ থেকে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। রপ্তানির পরিধি বাড়াতে সরকার বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অবকাঠামো ও সরঞ্জাম রেখে যায়নি। ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন এমনকি প্রয়োজনীয় সিরিঞ্জেরও ঘাটতি ছিল। তবে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার বিভিন্ন স্বাস্থ্য সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, হামের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি তৈরি হতে আগামী ২০ জুন পর্যন্ত সময় লাগতে পারে।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ আজ এক লাখ আইভি স্যালাইন অনুদান দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় মজুদে আরও এক লাখ স্যালাইন রয়েছে এবং উপজেলা পর্যায়েও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তবে পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজ নোটিশের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের জবাব দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের উত্তর পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিষয়:
