রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে আজ বৈঠকে বসছেন খলিলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

সংগৃহীত

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে আজ সোমবার (৮ জুন) মস্কোতে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ঢাকাস্থ রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ল্যাভরভের আমন্ত্রণে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে সের্গেই ল্যাভরভের ঢাকা সফরের পর এটিই দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমানের এটিই প্রথম মস্কো সফর।

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রুশ দূতাবাস জানায়, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম সারির দেশগুলোর মধ্যে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে এবং চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ কার্যক্রমে সোভিয়েত ইউনিয়নের অবদান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটোমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া রুশ ফেডারেশনের ফেডারেল কাউন্সিলের নেতাদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে অংশ নিতে গত রোববার মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।



বিষয়:



Top