অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ছড়ান: তথ্য প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন এমন ব্যক্তিরাই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) ছড়িয়ে থাকেন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনিয়ন্ত্রিতভাবে সাংবাদিক পরিচয়পত্র বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপেশাদার কনটেন্ট প্রচারের বিষয়টি সংসদে তুলে ধরেন। তিনি বলেন, অনেকেই সাংবাদিকতার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য হুমকি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, শিগগিরই মনিটরিং টিমের কার্যক্রম ও পরিধি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বিষয়:
