সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেওয়ার পরামর্শ স্পিকারের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৪:১২ এএম
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন স্পিকার।
অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় এখনো গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
মন্ত্রী আরও জানান, দীর্ঘদিন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান না হওয়ায় সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতে নতুন গ্যাস পাওয়া গেলে সার কারখানাগুলোতেও সরবরাহ নিশ্চিত করা হবে।
এরপর স্পিকার মন্ত্রীকে তার আগের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, “সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, তা ড্রিলিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে স্টাডি ও পর্যালোচনা করে তারপর দেবেন।”
স্পিকারের এ মন্তব্যের পর অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
বিষয়:
