বাজেট অধিবেশন শুরু,
সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৩:০৫ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে প্রয়াতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
শোক প্রস্তাবে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং সাবেক সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়া বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহাসহ অন্যান্য প্রয়াত জনপ্রতিনিধিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
সংসদের রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এদিন স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন, ছাত্রদল নেতা শফিউল বারী বাবুসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে।
শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিষয়:
