৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৩:০২ এএম

সংগৃহীত

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

তিনি জানান, পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। পাশাপাশি প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই মনে করে, এ ঘটনার কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। তবে যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে।

গত ২৭ মে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতা এবং চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসে।

এরপর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির বলেন, নোটিশটি আইনগতভাবে সঠিক নয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় এর জবাব দেবে।

চুক্তি অনুযায়ী, নিহত শিশুদের পরিবারগুলো আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে। এছাড়া শিক্ষাসুবিধা ও পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ঘটনায় দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



বিষয়:



Top