সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০২:৪৭ এএম
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় ৬০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, একসঙ্গে এত বিপুল সংখ্যক সদস্য এর আগে সীমান্তে দায়িত্ব পালন করেননি। চারটি পালায় বিভক্ত হয়ে তারা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করছেন।
সূত্র অনুযায়ী, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়।
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের ২৬ জেলার ৪ হাজার ৪৮৭ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।
চিহ্নিত ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এসব জেলার মধ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। চার দিনের এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশ ইন, সীমান্তে হত্যাকাণ্ড এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বিষয়:
